Header Ads

কুমিল্লার সীমান্তে পাচারের চেষ্টা চলাকালে আবারও ইলিশ জব্দ করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে। এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শশীদল এলাকার মনোরা স্থান থেকে ইলিশগুলো উদ্ধার করা হয়। পরে বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো নিলামে বিক্রি করা হয়। বিজিবি জানায়, শশীদল এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। এগুলো থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিজিবি আরও জানায়, জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে এবং আয় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে নিলামে মাছগুলোর বিক্রয়মূল্য সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে, বুধবার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা (আনন্দপুর) থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছিল বিজিবির একটি দল।

No comments

Powered by Blogger.